
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিন অর্থবছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ এনবিআরের দাবিকে চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানির পর আদালত এ বিষয়ে রুল জারি করেছিলেন।
একই কর দাবিকে কেন্দ্র করে এর আগে হাইকোর্টের দেওয়া একটি রায় প্রত্যাহার করা হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয় এবং পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। এর ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ে আপাতত আইনি বাধা থাকল না।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। রায়ের পর আবদুল্লাহ আল মামুন জানান, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।